প্রকাশিত: Fri, Mar 3, 2023 2:19 PM
আপডেট: Tue, Apr 28, 2026 5:10 PM

পঞ্চগড়ে সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জমির উদ্দিন: পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতকে নিষিদ্ধ ও তাদের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করার সময় মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। 

শুক্রবার  জুমার নামাজের পর মুসল্লিরা মিছিল বের করলে পঞ্চগড় শহরের শের-ই বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এ সংঘর্ষ শুরু হয়। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সংঘর্ষে পুলিশসহ  অর্ধশতাধিক আহত হয়েছেন। মুসল্লি ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা শহরের চৌরঙ্গী মোড়ে সমবেত হন। পরে তারা মিছিল বের করেন। শের-ই বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে মিছিল থেকে ইটপাটকেল ছোঁড়া হলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ  হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকালে রংপুর  মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  আরিফুর রহমান নামে এক মুসল্লি মারা গেছেন।

পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাব এবং বিজিবি তৎপর রয়েছে। 

এর আগে  বৃহস্পতিবার একই দাবিতে পঞ্চগড়- তেঁতুলিয়া মহাসড়ক ৫ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন মুসল্লিরা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব